যুক্তরাজ্যের লুটনে উৎসবমুখর পরিবেশে সোমবার অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা। নাচ, গান, বাদ্যযন্ত্রসহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ মেলা পরিণত হয় এক মিলন মেলায়।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১১টায় বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাক—লুঙ্গি, পাঞ্জাবি ও মাফলার পরে অংশগ্রহণকারীরা একটি আনন্দঘন র‍্যালি বের করেন। র‍্যালিটি মেলা প্রাঙ্গণ ঘুরে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত দর্শনার্থীদের মাঝে সৃষ্টি করে উচ্ছ্বাস।


মেলাটির আয়োজন করেন লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ছোট মিয়া। আয়োজকদের উদ্যোগে প্রবাসে থেকেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এই আয়োজন স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মেলায় লুটনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন ধরনের স্টল, যেখানে দেশীয় পোশাক, খাবার ও সাংস্কৃতিক উপকরণ প্রদর্শন ও বিক্রি করা হয়। দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে উপভোগ করেন দেশীয় আবহ এবং উৎসবের আমেজ। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছিল বাউন্সি ক্যাসলসহ নানা বিনোদনের ব্যবস্থা, যা তাদের জন্য বাড়তি আনন্দের উৎস হয়ে ওঠে।

দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় গান, নৃত্য ও সংগীত পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি এবং আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে সফল ও প্রাণচঞ্চল।

আয়োজক ছোট মিয়া জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সার্বিকভাবে, লুটনের এই বৈশাখী মেলা প্রমাণ করেছে-দূর প্রবাসে থেকেও বাঙালির শেকড়, সংস্কৃতি ও উৎসবের আনন্দ অটুট রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০৩