সিলেটের সুপ্রাচীন ২০০ বছরের ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৬ ইংরেজি উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সাধারণ সভা শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ। কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ’র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক ও সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সহ-সভাপতি সিদ্ধমাধব দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক অর্জুন ঘোষ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া কালীঘাট সিলেটের সভাপতি বলাই ঘোষ বলরাম, সহ-সভাপতি মদন মোহন কর্মকার, রণধীর চক্রবর্ত্তী, নবদ্বীপ সিংহ, সময় টিভির সিনিয়র সাংবাদিক দিগেন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ, অমলেশ সিংহ, রামেন্দ্র কুমার সিংহ বাপ্পা, অশোক শর্ম্মা, রাসেল সিংহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘পুণ্যভূমি সিলেটে প্রায় ২শ’ বছর ধরে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে আসছে। প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসব পালন করে চলেছেন।’
বক্তারা আরও বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব উদ্যাপন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীর সহযোগিতা কামনা করা হয়।’
সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা ক্ষীর সিংহ-সহ সকল প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া সভায় সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির অন্তর্ভুক্ত সকল দেবালয়সমূহের সেবায়িত, পরিচালক, সভাপতি, সম্পাদকসহ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৯ জুন সোমবার শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই বৃহস্পতিবার প্রথম রথযাত্রা এবং ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রা মহোৎসব সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




