ছবি: সংগৃহিত
যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে দেড়শো জনকে ফ্রি খতনা দেওয়া হচ্ছে।
শনিবার সকালে খতনা ক্যাম্পের উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
হেল্পিং হ্যান্ডস সূত্র জানিয়েছে, সিলেট সিটি করপোরেশনের ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের বাসিন্দাদের ৬ থেকে ১২ বছর বয়সী দেড়শো বাচ্চাকে শনিবার সকাল ১০ টা থেকে খতনা দেওয়া হবে। ইতিমধ্যে বাচ্চাদের তালিকা তৈরিসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। আয়োজকরা জানিয়েছেন, খতনা দিতে আসা বাচ্চাদের নিরাপদ সেবা দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। খতনা পরবর্তী সময়েও তাদেরকে নজরদারিতে রাখা হবে। এ ছাড়া বাচ্চাদের উপহারও দিচ্ছে হেল্পিং হ্যান্ডস।
সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া জানান, যুক্তরাজ্যের দানশীল মানুষ এই সংগঠনের মাধ্যমে দেশের সেবা করে যাচ্ছেন। রোগশোকে আক্রান্ত মানুষকে সাহায্য সহযোগিতা, দরিদ্র মানুষের গৃহ নির্মাণের পাশাপাশি এই পাঁচ ওয়ার্ডের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনকে প্রতি ঈদে উপহার প্রদান করে যাচ্ছে এই সংগঠন। এবারের খতনা এসব ধারাবাহিক কাজেরই অংশ। এর আগে আরো দুইবার এমন উদ্যোগ নেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইউকে




