ছবি: সিলেট ভিউ।

সমাজের অসহায় ও এতিম মেয়েদের বিয়েকে নিয়ে আর্থিক সঙ্কটের কারণে অনেক পরিবারকে পড়তে হয় দীর্ঘ ভোগান্তিতে। এমন বাস্তবতায় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দিনপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন। দীর্ঘ প্রবাস জীবন কাটালেও মানবসেবার প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। এবার তিনি ঘোষণা দিয়েছেন, প্রকৃত এতিম ও অসহায় বিবাহযোগ্য মেয়েদের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজেই বহন করবেন।

 

বর্তমানে দেশে অবস্থানরত মহিউদ্দিন জানান, সমাজে এমন অনেক মেয়ে রয়েছে যাদের মা-বাবা বা নিকটাত্মীয় কেউ নেই। আর্থিক অসচ্ছলতার কারণে তাদের বিয়ে সম্পন্ন করা সম্ভব হয় না। এসব মেয়েদের পাশে দাঁড়াতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

 

মহিউদ্দিন বলেন, ‘যাদের মা-বাবা, ভাই কিংবা অভিভাবক কেউ নেই, যারা প্রকৃত অর্থেই এতিম ও অসহায়, তাদের বিয়ের সম্পূর্ণ খরচ আমি বহন করতে চাই। আমি তাদের বাবার মতো দায়িত্ব পালন করে নতুন জীবনের পথে এগিয়ে দিতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘যারা সত্যিকার অর্থে এতিম, অসহায় এবং অন্যের বাড়িতে লালিত-পালিত হয়ে বড় হয়েছে, তাদের তিনি নিজের মেয়ের মতো মনে করেন। এমন মেয়েদের জীবন গঠনে সামান্য অবদান রাখতে পারলে সেটাকেই তিনি নিজের সৌভাগ্য বলে মনে করবেন।’

 

মহিউদ্দিনের এই মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সুধী সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। তাঁর এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ ফরিদ/ এহিয়া