ইসকন সিলেট মন্দিরে পুরুষোত্তম মাস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী আধ্যাত্মিক কর্মসূচি শেষ হয়েছে। 

আজ সোমবার (১৫ জুন) সমাপনী দিনে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট ইসকন মন্দির প্রাঙ্গণ।

বৈদিক সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষোত্তম মাস প্রতি তিন বছর পরপর আসে এবং এটি অত্যন্ত পুণ্যময় মাস হিসেবে বিবেচিত। শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী, এ মাসে জপ, কীর্তন, দান, সেবা ও শাস্ত্রপাঠের মতো আধ্যাত্মিক অনুশীলন বহুগুণ বেশি ফলপ্রদ হয়। এ কারণেই অনেক ভক্ত একে ‘আধ্যাত্মিক ডিসকাউন্ট মাস’ বলেও উল্লেখ করেন।

পুরো মাসজুড়ে প্রতিদিন ভোর ৩টায় ঘুম থেকে উঠে ভক্তরা স্নান, জপ, মঙ্গলারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, গুরুপূজা এবং বিভিন্ন ভক্তিমূলক সাধনায় অংশ নেন। অনেক ভক্ত তপস্যার অংশ হিসেবে সরল আহার গ্রহণ করে ব্রত পালন করেন। প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশে প্রদীপ অর্পণ, হরিনাম সংকীর্তন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।


এ সময় প্রতিদিন কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে মন্দিরে। নামসংকীর্তন, শাস্ত্র আলোচনা, প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তারা।মাসব্যাপী এ আয়োজনকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশ।


সমাপনী দিনে সকাল ৯টায় ভক্তরা একত্রিত হয়ে ভগবানের শ্রীচরণে বিশেষ প্রার্থনা নিবেদন করেন। এ সময় তারা অজ্ঞাতসারে সংঘটিত অপরাধ ও ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি গুরুমহারাজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক প্রার্থনা করেন।


এক মাসব্যাপী সাধনা, ব্রত ও তপস্যা শেষে ভক্তরা বিভিন্ন ধরনের মহাপ্রসাদ গ্রহণ করেন। আয়োজকদের মতে, পুরুষোত্তম মাসের এ আয়োজন ভক্তদের আধ্যাত্মিক চর্চা, আত্মশুদ্ধি ও কৃষ্ণভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২