হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিনপর মোঃ আব্দুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত শনিবার বিকেল ৩টার দিকে তিনি উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সকালে পাকুরিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেই সাথে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/পিটি