ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।
আটককৃতরা হলেন, ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিল। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে সামনে দিকে চলে যায়। সেই সময় মিছিলটিতে মানুষের সংখ্যা বেশি হওয়াতে পুলিশ বাধা দিতে দেখা যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সমনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। এবং পরবর্তীতে দুপুরের দিকে তাদের আদালতে তোলা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘মঙ্গলবার (১৬ জুন) সকালে মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতো তোলা হয়েছে। মিছিলের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



