জাপানের পূর্বাঞ্চলে রাজধানী টোকিওর কাছে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটি কেঁপে উঠে। তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।


জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচার, যার অবস্থান উত্তর অক্ষাংশ ৩৬.১ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৩৯.৯ ডিগ্রি।
 

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার এবং প্রাথমিকভাবে এর মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫.৫।
 

জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে কম্পনটির মাত্রা ছিল সর্বোচ্চ ৭-এর মধ্যে ‘লোয়ার ৫’, যা মাঝারি থেকে শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত হয়।
 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পরপরই একটি আগাম আফটারশক সতর্কতা জারি করা হয়েছিল। তবে সুনামির কোনো আশঙ্কা না থাকায় সুনামি নিয়ে সতর্কতা জারি করা হয়নি।
 

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭