ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সময় পেলেই যে কোনো কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সিলেটে ছুটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে ইতোমধ্যে কয়েকবার সিলেট সফর করেছেন। আবারও তার  এই আগমনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। সেই সাথে সিলেট থেকে মৌলভীবাজার পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বৈবাহিক সূত্রে সিলেটের জামাতা। তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেটের এক বনেদি পরিবারের সন্তান, যা সিলেটবাসীর কাছে অত্যন্ত সমাদৃত ও শ্রদ্ধার। এই পারিবারিক সম্পর্কের কারণে তারেক রহমান নিজেও নিজেকে ‘হাফ সিলেটি’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান।

 

জানা যায়, বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের এবার মূল সফরটি মৌলভীবাজার। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী ১৭ জুন সকলে ঢাকা থেকে বিমানে সিলেট যাবেন। সেখান থেকে সড়ক পথে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষ করে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

 

পরে বিকেল সাড়ে চারটায় মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

 

মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

এদিকে, মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কাল বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। তার আগমন উপলক্ষে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন এজন্য বাগানগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার বন্ধ পেলেও এর পরিবর্তে আগামী রবিবার কাজ করতে হবে। একই সঙ্গে বৃহস্পতিবারের পরিবর্তে অনেক চা বাগানে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি মঙ্গলবার দেওয়া হয়েছে।

 

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, আমাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। এর পরিবর্তে শ্রমিকেরা রবিবার কাজ করবেন। আমরা ইতোমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করেছি।

 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারেক খন্দকার  বলেন, ২০০৪ সালে প্রধান মন্ত্রী তারেক চায়ের দেশ শ্রীমঙ্গল সফর করে ছিলেন। তার আগমণকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছস্বিত।

 

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম বলেন, ‘আমরা ব্যাপক মানুষের সমাবেশ ঘটাবে। সারা জেলার বিভিন্ন দাবি ধাওয়া আমরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। বিমান বন্দর চালু, গ্যাস সংযোগ স্থাপন, মেডিক্যাল কলেজ স্থাপনরে দাবি আছে, তাও তুলে ধরবো।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/পিটি