প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বিমানের একটি ফ্লাইটে করে বুধবার (১৭ জুন) ১০টা ১৫ মিনিটে দলীয় সফরে সিলেট এসেছেন। সিলেটে দলীয় কোন আনুষ্ঠানিকতা না থাকলে তিনি সিলেট থেকে গাড়ি যোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে চলে যাবেন। তার সাথে দলের শীর্ষ কয়েকজন নেতা রয়েছেন।
এদিকে, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সেই সুযোগ হারাতে চাননি চা শ্রমিকরা। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মালনিছড়াসহ আশপাশের চা বাগানের শ্রমিকরা কাজে না গিয়ে সড়কের দুপাশে হাতে ফুলের ঢালি নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
চা শ্রমিক মুরালি জানান, দেশের নেতা আইছে সিলেট। অনেক দিন তাকে দেখি না। কাজ বন্ধ রেখে সড়কে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি।
সিলেট থেকে সেখান থেকে সড়ক পথে যাত্রা করে দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী এদিন সন্ধ্যা পৌনে ৬টায় মৌলভীবাজার থেকে ওসমানী বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় ফের আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
তবে সিলেট হয়ে আগমন বা প্রস্থানকালে দলের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে কোনো বৈঠক থাকছে না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের। কেবল প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সিলেট বিভাগের শীর্ষ নেতারা। সেখান থেকে সড়ক পথে যাবেন শ্রীমঙ্গলের উদ্দেশে।
এরই মধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে সড়কের দুপাশে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। নেতাকর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর আগমনে ছয় মাস ধরে ফেলে রাখা সিলেট-ফেঞ্চুগঞ্জ ভাঙা সড়কও গত তিন দিন ধরে রাতের আঁধারে মেরামত কাজ চলছে। অথচ উন্নয়নকাজের নামে খানাখন্দ সৃষ্টি করে ফেলে রাখা সড়কটির কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
দলীয় সূত্র জানায়, রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এজন্য তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরও উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। সেখানে সিলেটের মন্ত্রী-এমপিরা ছাড়াও শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি



