ছবি: সিলেট ভিউ।
পরিবারের মুখে হাসি ফুটাতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গিয়ে আজ লাশ হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী। একটি সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন। একইসাথে ভারতেরও একজন নিহত হন।
রবিবার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পাশ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির। তারা সকলেই একসাথে কাজ করতেন বলে জানা গেছে।
সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
জানা যায়, রবিবার (২১ জুন) বাসা থেকে বের হয়ে একসাথে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদসহ ভারতীয় আরেকজন নাগরিক। কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলেই প্রাণ হারাণ তারা। একই দুর্ঘটনায় একজন ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওইখানে সকল পক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কবে লাশ দেশে ফিরতে পারে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



