ছবি: ফাইল ছবি।
ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে পানি বাড়তে শুরু করেছে। সিলেটের কিছু কিছু অঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এই ঢলের পানিতে তলিয়ে গেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২১ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে সাদাপাথর পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সাদাপাথর এলাকার আশপাশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। ভারত থেকে নেমে আসা ঢলের পানির প্রবাহও অনেক বেশি। ফলে পুরো পর্যটন এলাকা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে পর্যটকদের চলাচল যেমন অনিরাপদ, তেমনি ব্যবসা পরিচালনাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। স্রোত কমে গেলে এবং আবহাওয়ার উন্নতি হলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে জানানো হয়েছে, ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া



