বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ মোল্লার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি সরকারিভাবে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা।
অনুসন্ধানে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গোপালগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত গেজেট তালিকায় ১৭২ নম্বর সিরিয়ালে মো. মোশাররফ মোল্লার নাম রয়েছে। তার পরিচিতি নম্বর ১৩৫০০০৫০৯৪।
সম্প্রতি পিতার মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্কের মুখে পড়েন বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম। অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।
বেবিচকের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান বলেন, “গুরুতর এ অভিযোগটি আমরা খতিয়ে দেখেছি। তদন্তে দেখা যাচ্ছে, তার পিতা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধার যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়।”
এ বিষয়ে প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “আমার বাবা প্রকৃত ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। আমি এর স্বপক্ষে প্রয়োজনীয় সব কাগজপত্র সরবরাহ করেছি। তাতেই প্রমাণ হয়, আমার পিতা একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। এছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে লেখালেখি করা হয়েছে, সেগুলোও সম্পূর্ণ মিথ্যা।”
এদিকে গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মোল্লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মোল্লাসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানান এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক



