সড়ক দুর্ঘটনায় সোহেল ফকির নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে বরিশালের গৌরনদীতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফকির (২৪) গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। তিনি কর্মসূত্রে কুয়েতে অবস্থান করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন সোহেল।

নিহতের স্বজন পান্নু মৃধা বলেন, মঙ্গলবার দুপুরে সোহেল তার মোটরসাইকেলটি পার্কিং করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী তাজবি পরিবহনের বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সোহেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে গভীর শোক।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে সোহেল বিয়ে করেছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি শোকাচ্ছন্ন হয়ে পড়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহাসড়কের গোপালপুর এলাকা থেকে ঘাতক তাজবি পরিবহনটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২