ছবি: সিলেট ভিউ।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, ‘যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দেশের যুবসমাজকে সাথে নিয়ে সকল অপশক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে যুবদল। জাতীয়তাবাদী যুবদল কোনো সাধারণ সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অতন্দ্র প্রহরী।’

 


তিনি বলেন, ‘‎একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল সবসময় রাজপথে থাকবে।’

 

‎‎তিনি আরো বলেন, ‘বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।’

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘সিলেটের মাটি ও মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। আজকের এই বিশাল প্রতিবাদ মিছিল প্রমাণ করে, যুবদলের তৃণমূল কতটা শক্তিশালী। সকল প্রকার উসকানি ও মিথ্যাচারকে পায়ে মাড়িয়ে আমরা রাজপথে আছি এবং থাকব।’

 

বুধবার (২৪ জুন) বিকাল ৩টায় নগরীর পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল গলিতে ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

‎সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনেরা যৌথ পরিচালনায় বক্তব্য সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব।

 

এছাড়াও ১৩টি উপজেলা, ৫টি পৌর ও মহানগর যুবদলের ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া