সিলেটের জকিগঞ্জের সীমান্তবর্তী সোনাসার এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শনিবার (২৭ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব-৯ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/তফাদার/পিটি



