সিলেট নগরের শিবগঞ্জের মজুমদারপাড়া এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়া শিব বাড়িতে শ্রী শ্রী দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞানুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ জুন) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগী অংশ নেন। মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানের শুরুতে পূজারম্ভের মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। পরে রুদ্রাভিষেক, ষোড়শোপচারে পূজা, পুষ্পাঞ্জলি, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, বৈকালিক ভোগ, সন্ধ্যা আরতি এবং রাতে মহামৃত্যুঞ্জয় হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার সম্পন্ন হয়। শেষপর্যায়ে শীতল ভোগ ও শয়ন আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারাদিন মন্দির প্রাঙ্গণ ছিল প্রাণচঞ্চল। ধর্মীয় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজক কমিটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫



