সিলেটের গোয়াইনঘাটের নৌকা চুরির অভিযোগে এক যুবকের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জুন) বিকালে তোয়াকুল বাজারে যান লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে খালেদ আহমদ (২০)। এসময় নৌকা চুরির অভিযোগে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া,ময়না মিয়ার ছেলে সেলিম আহমদ, নেছার আলীর ছেলে ফখরুল ইসলাম, আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মিয়া, ইউসুফ আলীর ছেলে তোতা মিয়া এবং ইবই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে খালেদ আহমদকে অপহরণ করে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যান।
খালেদকে বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা খালেদের দুটি চোখ উপড়ে ফেলেন। পরে আশংকাজনক অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে খালেদ আহমদের মা কুটনা বেগম তাকে ওসমানী মেডিকেল কলেজের ৭নং ওয়ার্ডে ভর্তি করেন।
এ ব্যাপরে তোয়াকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য লোকমান আহমদ বলেন, খালেদ আহমদকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণের খবর পাওয়া মাত্র তাকে ফোন দিয়ে খালেদকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ করলে তারা তা শোনেনি।
এ ব্যাপারে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, খালেদ আহমদকে রবিবার বিকালে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের কয়েকজন মিলে অপহরণ করে। এসময় তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার লোকমান আহমদকে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে জানাই। কিন্তু দূর্বৃত্তরা মেম্বারের কথা শোনেনি। পুলিশে না দিয়ে তাকে বেধড়ক মারপিট করে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনায় এখনো পর্যন্ত গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/এম/পিটি



