সুনামগঞ্জের দোয়ারাবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১৪৩জন কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রথম দফার সফল বাস্তবায়নের পর দ্বিতীয় দফায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিশেষ এ সুবিধা আগামী তিন মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্রে আরো জানা যায়, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে এ বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়।

সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের ও শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, "বর্তমান জনবান্ধব সরকার সর্বদা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই সহায়তা দেওয়া হলো। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার মোট ১ হাজার ৪০ জন কৃষক ওই সুবিধার আওতায় আসবে।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০২