অভিন্ন প্রশ্নপত্রে সিলেটে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে পৃথক প্রশ্নপত্রে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার সিলেটের সবকটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হচ্ছে বডিওর্ন ক্যামেরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবছর সিলেট বোর্ডে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবছর বেড়েছে কেন্দ্রের সংখ্যা। গত বছর ৮৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার ৯৬টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত বছর সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিলেও এবার ৩৩৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। এরমধ্যে নিয়মিত ৫২ হাজার ৫৪০ জন। বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী।গত বছর পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন। এ বছর সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলাওয়ারি তথ্য অনুযায়ী, এবার সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩১ হাজার ২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। একইভাবে সুনামগঞ্জের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা দিবেন।
এছাড়া মৌলভীবাজারের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে, এবং হবিগঞ্জের ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন,এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র ও ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। বিভাগের ৯৬টি কেন্দ্রে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরীক্ষা উপলক্ষে সিলেট নগরীর ২৫টি পরীক্ষাকেন্দ্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালীন আগামী ৮ আগস্ট পর্যন্ত দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্র, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে গণ্য করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিটি




