কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।



সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত দ্রুত স্থান ত্যাগ করে।


কিছুক্ষণ পরে বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান।


 
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।


সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে।

অভিযুক্তকে শনাক্ত করার পর শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।

এদিকে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক