জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী জীবন, সাহিত্য, সংগীত ও মানবিক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
তিনি বলেন, ‘নজরুলের চেতনার কোনো মৃত্যু নেই। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে নজরুলের দর্শন আজ বড় প্রয়োজন।’
রবিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার পৌর মুক্তমঞ্চে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ (২০২৬-২০২৭)-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, “১৯৭৬ সালের দিকে ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে কবিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসার কিছুদিন পরই কবি মৃত্যুবরণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও আকর্ষণ ছিল।”
তিনি আরও বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের কবি নন, তিনি সাম্য, দ্রোহ ও প্রেমের এক অবিসংবাদিত কণ্ঠস্বর। তাঁর সাহিত্যকর্ম ও সংগীত আমাদের জাতীয় জীবনের প্রতিটি সংকট ও অর্জনে অনুপ্রেরণার উৎস। এই ‘নজরুল বর্ষ’ তরুণ প্রজন্মের কাছে কবিকে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, “প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে বছরজুড়ে বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের মাধ্যমে নজরুলের শিল্পকর্ম ও দর্শন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নজরুলের জনপ্রিয় সংগীত ও কবিতার আবৃত্তির মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৫




