ছবি: এআই।
মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে টাস্কফোর্স গঠন করে চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, যানজট, সীমান্ত নিরাপত্তা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে বিভিন্ন বিষয়ে আলোচনাসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় শহরের যানজট নিরসন, যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, মাদকসেবীদের উৎপাত দমন, শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে উঠতি বয়সী ছেলেমেয়েদের অনিয়ন্ত্রিত আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে কেন্দ্র করে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা, চুরি-ছিনতাই প্রতিরোধে বিট পুলিশিং জোরদার এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, বিএনপি নেতা সুফিয়ান আহমদ, জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও নির্মাল্য মিত্র সুমন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, কমরেড আব্দুল লতিফ, প্রভাষক তাহমিনা সুলতানাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ‘মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে টাস্কফোর্স গঠন করে চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ অনি/ এহিয়া/ ০৬




