হবিগঞ্জের নবীগঞ্জে টমটম গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শোয়েব মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত শোয়েব মিয়া উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।
শুক্রবার (১০ জুলাই) সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েব দীর্ঘদিন ধরে মিশুক (টমটম) গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ধরনের অভিযোগে স্থানীয় লোকজন একাধিকবার তাকে আটক করে সতর্ক করে ছেড়ে দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের বরাক নগর এলাকায় অবস্থিত শাহজালাল অটো রাইস মিলে চার্জে রাখা একটি মিশুক গাড়ির ব্যাটারি চুরি করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস মিশুক গাড়ি বের করতে গিয়ে শোয়েব মিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।
রাইস মিলের ড্রাইভার রাখাল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে তিনি মিশুকটি মিলে রেখে তালাবদ্ধ করে পাশের ভাড়া বাসায় ঘুমাতে যান। সকালে এসে মিলের ভেতরে শোয়েব মিয়ার মরদেহ দেখতে পান।
নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




