ছবি: সিলেট ভিউ।
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগে টাকা গণনার সময় বেশ কয়েকটি চিঠি পাওয়া যায়। যেখানে কেউ কেউ নামে-বেনামে চিঠি লিখেন। চিঠিগুলোতে কেউ কেউ বিভিন্ন দাবি-দাওয়া কিংবা অভিযোগ উল্লেখ করেন। তবে এইবার একটি ব্যতিক্রমি চিঠি পাওয়া গেল। যেখানে প্রেমিক ও প্রেমিকা তাদের মধ্যে মিল-মহব্বত বৃদ্ধি করতে দরগাহের ডেগে এই চিঠি রেখে যান।
শনিবার (১১ জুলাই) শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মসজিদের বারান্দায় মাজারের ডেগ ও দানবাক্সের টাকা বের করে গণনার সময় এই ঘটনাটি ঘটেছে। এসময় উপস্থিত ছিলেন, মাজারের স্বচ্ছতা নির্ধারনে উচ্চ পর্যায়ের কমিটির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
মুন্নি ও আমিনুলের মধ্যে ভালোবাসা বৃদ্ধি চেয়ে ওই চিঠিতে লেখা ছিল, হে আল্লাহ, আমাদের মিল-মহব্বত বৃদ্ধি করে দিন এবং আমাদের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও বোঝাপড়া অটুট রাখুন। আমাদের আর্থিকভাবে সচ্ছল করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন। মুন্নি আমার বউ। তাকে আমি অনেক অনেক ভালোবাসি। মুন্নি ও আমিনুল-এর সম্পর্ক দীর্ঘস্থায়ী ও অটুট রাখার তাওফিক দান করুন। আমাদেরকে সকল শত্রু, অকল্যাণ ও বিপদ-আপদ থেকে হেফাজত করুন। (আমিনুল + মুন্নি)
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




