ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করেছেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, টিলাগড় থেকে বালুচর পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। কোনো পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধ চলাকালে টিলাগড়-আম্বরখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন এ পথে অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করেন। হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ করায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এমসি কলেজের এক শিক্ষার্থী তারেক বলেন, ‘হঠাৎ করেই আজ বালুচর থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি।’
আরেক শিক্ষার্থী আবির বলেন, ‘পুলিশ ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চালকেরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। বর্তমানে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ছাত্রাবাসে অবস্থান করছেন।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ভাড়া বৃদ্ধির প্রতিবাদে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬




