ছবি: সিলেট ভিউ।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসকফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার (১৫ জুলাই) আনুমানিক রাত ৮টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- মো. সাগর (২৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর এলাকার মো. সোহেলের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সুলতানপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর এলাকার পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ থাকার কথা স্বীকার করে। তার দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে তল্লাশি চালিয়ে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ৯৬ বোতল ইসকফ সিরাপ ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২




