প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম), জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশীদ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশেকীন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস, জুতা, মোজা ও পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১০




