ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীর সুবিদবাজার থেকে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক জেনসেন দাস (২৭)। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার আনোয়ারপুর এলাকার ঝন্টু কুমার দাসের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’
প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪




