ছবি: সিলেট ভিউ।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার এক যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ওই প্রবাসীর নিরীহ পরিবারকে যুবদল নেতা ও তার লোকজন প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। যার কারণে চরম নিরাপত্তাহীণতায় ভুগছে প্রবাসী মো. আব্দুল মান্নানের পরিবার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জীবনের নিরাপত্তা চেয়ে ও যুবদল নেতার হুমকি-ধামকি থেকে বাঁচতে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন প্রবাসী মো. আব্দুল মান্নানের ভাবি নাছিমা আক্তার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন- আমরা শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের মহলুল সুনাম এলাকার বাসিন্দা। আমার দেবর মোহাম্মদ আব্দুল মন্নানের তালাকপ্রাপ্ত স্ত্রী রিপা আক্তারের অনৈতিক সম্পর্কের কারণে আমাদের পুরো পরিবার বারবার নির্যাতনের শিকার হচ্ছে। আইনগতভাবে আমার দেবর তাকে তালাক দিলেও রিপার পরকীয়া প্রেমিক শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল আমাদের পরিবারের সম্পদ হরণ করতে উঠে-পড়ে লেগেছে। তার নেতৃত্বে দুইবার আমাদের পরিবারের ওপর হামলা হয়েছে। আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আব্দুল মান্নান চার বছর দুবাইয়ে ছিল। সে প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ তার স্ত্রীর কাছে পাঠাত। যার পরিমাণ কমপক্ষে প্রায় ৩০ লাখ টাকা। রিপা ওই ৩০ লাখ টাকাসহ যাবতীয় স্বর্ণালংকার তার প্রেমিক আব্দুল জলিলের সহায়তা হাতিয়ে নেয়।
নাছিমা আক্তার বলেন, বর্তমানে আব্দুল মান্নান নিঃস্ব অবস্থায় দেশে ফিরে আসে। বর্তমানে সে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে রিপা আক্তারকে আইনগতভাবে তালাক প্রদান করে। বর্তমানে আব্দুল জলিল ও রিপা আক্তারের কারণে আমাদের পুরো পরিবার মারাত্মক নির্যাতনের শিকার হয়ে আজ বিপর্যস্ত।
অভিযোগের বিষয়ে জানতে যুবদল নেতা আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ জাকারিয়া/ এহিয়া-০২




