হবিগঞ্জের বানিয়াচংয়ে দিন দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (২৫ জুলাই) সরেজমিনে বানিয়াচংয়ের বড়বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা দরে। শুধু কাঁচামরিচ নয়, বাজারে অন্যান্য সবজির দামও বাড়ছে হুহু করে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।


স্থানীয় খুচরা বিক্রেতাদের ভাষ্যমতে, অতিবৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যার প্রভাবেই মূলত কাঁচামরিচসহ অন্যান্য সবজির উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটেছে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাতেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।

বড়বাজারের খুচরা সবজি ব্যবসায়ী জুয়েল মিয়া সিলেটভিউকে জানান, "গত সপ্তাহেও প্রতি কেজি কাঁচামরিচ খুচরা ১৮০-২০০ টাকা দরে বিক্রি করতে পেরেছি। কিন্তু আজ পাইকারি দরেই ২৮০ টাকায় কাঁচামরিচ কিনতে হয়েছে। খুচরা তিনশ টাকা করে বিক্রি করতে না পারলে পুরাই লোকসান গুনতে হবে।"

তিনি আরও বলেন, পাইকারি বাজারেই দাম এত বেশি যে খুচরা পর্যায়ে লাভ কঠিন হয়ে পড়ে। ফলে ইচ্ছা না থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

অন্যদিকে খুচরা বিক্রেতা হোসেন মিয়া বলেন, শুধু কাঁচামরিচ নয়, অন্যান্য সবজিরও দাম এখন আকাশচুম্বী। তার মতে, প্রতি বছর বর্ষা মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়াটা অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

আকস্মিক এই মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। প্রতিদিনের রান্নায় অপরিহার্য এই পণ্যটির দাম এভাবে বেড়ে যাওয়ায় অনেকেই পরিমাণে কম কিনে সংসার চালানোর চেষ্টা করছেন।

বাজার করতে আসা ক্রেতারা দ্রুত বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০৬