শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এখন থেকে যেসব উন্নয়ন প্রকল্পে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে তাদের প্রায়োগিক জ্ঞান বৃদ্ধি পাবে— একাডেমিক কারিকুলামের ভিত্তিতে সেখানেই তাদের যুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

উপাচার্য বলেন, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আলোকে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্যাম্পাসের প্রধান সড়ক ‘কিলোরোড’ সংস্কারে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের শিক্ষার্থীদের যুক্ত করা হচ্ছে।


বরিবার রাতে সিলেট ভিউ'র সঙ্গে মুঠোফোনে আলাপকালে এ কথাগুলো বলেন উপাচার্য।

এর আগে ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম কিলোরোড পরিদর্শন করেন। এ সময় সিইই বিভাগের শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে উপস্থিত থেকে সড়কের বিভিন্ন অংশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

শিক্ষার্থীদের এমন প্রায়োগিক সম্পৃক্ততার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম জানান, "আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোর বর্তমান অবস্থা বেশ নাজুক। ওবিই কারিকুলামে বিভিন্ন ব্যবহারিক বিষয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা উল্লেখ করা আছে। তাই কিলোরোডের সংস্কার কার্যক্রমে আমরা চেয়েছি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সংযুক্ত হয়ে তাদের তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ শিখুক। এখন থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব প্রকল্পে শিক্ষার্থীদের সংযুক্ত করলে তাদের প্রায়োগিক জ্ঞান বৃদ্ধি পাবে, সেখানেই তাদের যুক্ত করা হবে। এটি তাদের জন্য একটি ইন্টার্নশিপের মতো অভিজ্ঞতা দেবে।"

এই সংস্কার কার্যক্রম শুরু হওয়ার সময়কাল ও রূপরেখা নিয়ে উপাচার্য আরও জানান, "সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও শিক্ষার্থীদের আমরা এই কার্যক্রমের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি। সংস্কার কার্যক্রমের প্রাথমিক পরিকল্পনার দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে। তারা যখন একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ নিয়ে আসবে, ঠিক সেই আলোকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর মূল সংস্কারকাজ শুরু করবে এবং এই কাজে শিক্ষার্থীদের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকবে।"

এর আগে একই দিন উপাচার্যের সভাকক্ষে সিইই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কিলোরোড সংস্কারের পরিকল্পনা, বাস্তবায়নের কৌশল, শিক্ষার্থীদের দায়িত্ব এবং প্রশাসনের সঙ্গে কাজের সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জানা গেছে, এই কার্যক্রমে সিইই বিভাগের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সরাসরি অংশ নেবেন। এর মাধ্যমে তারা বাস্তব প্রকৌশল প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অর্জনের অনন্য সুযোগ পাবেন।

এদিনের পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
 


সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-০৩