সময় অনেক কিছুকেই পুরোনো করে দেয়। কিন্তু কিছু সুর সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী ঠিকানা গড়ে নেয়। ‘যে পাখি ঘর বোঝে না’ ঠিক তেমনই একটি গান।

শ্রোতাদের ভালোবাসা সঙ্গী করে ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করল ধ্রুব গুহর জনপ্রিয় এই গান। শ্রোতাদের ভালোবাসায় থাকা গানটির এই অর্জনকে বাংলা গানের ডিজিটাল ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।


২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। সময়ের ব্যবধানে গানটির আবেদন একটুও কমেনি। বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে আপন করে নিয়েছেন। ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়ে অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিল ‘যে পাখি ঘর বোঝে না’।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগঘন কথামালা, হৃদয়ছোঁয়া সুর এবং ধ্রুব গুহর অনন্য কণ্ঠের মেলবন্ধন গানটিকে সময়ের সীমানা পেরিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়ণের কারণে ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

১০০ মিলিয়ন ভিউয়ের এই অর্জন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, "এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য আমি দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, ‘যে পাখি ঘর বোঝেনা’ গানটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের।"

বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গান এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনে যেমন নতুন এক পালক যোগ করল, তেমনি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করল।

এক দশক পরও কোটি কোটি মানুষের প্লে-লিস্টে জায়গা ধরে রাখা ‘যে পাখি ঘর বোঝেনা’ আবারও প্রমাণ করল, ভালো গান কখনো পুরোনো হয় না বরং সময়ের সঙ্গে তার আবেদন আরও গভীর হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৩