জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শহীদ শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণ ও প্রাপ্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
 

সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
 


শিক্ষার্থীদের উত্থাপিত দুই দফা দাবির মধ্যে রয়েছে: ১. শহীদ রুদ্র সেনের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আগামী ৫ তারিখ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। ২. 'শহীদ রুদ্র সেন লেক'-এর নামে একটি স্থায়ী, সুস্পষ্ট ও নান্দনিক নামফলক স্থাপন করতে হবে, যাতে সেখানে বিদ্যমান 'SUST' লেখাটি যেভাবে প্রদর্শিত হয়েছে, ঠিক একইভাবে 'শহীদ রুদ্র সেন লেক' নামটিও সুস্পষ্টভাবে দৃশ্যমান থাকে। একই সঙ্গে লেক সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং লেকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ সকল কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় উন্নয়ন ও সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
 

কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে শাবিপ্রবির একমাত্র শহীদ রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করতে হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক। রুদ্র সেন শুধু একজন শহীদ নন, তিনি শাবিপ্রবির শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক। গত ১৮ জুলাই তাঁর আত্মত্যাগ আন্দোলনরত শিক্ষার্থীদের শোককে শক্তিতে পরিণত করেছিল এবং সিলেটের গণঅভ্যুত্থানকে বেগবান করতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ ও স্মৃতি সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আর অপেক্ষা করতে চাই না; নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ দাবি বাস্তবায়নের আশ্বাস চাই।"
 

এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল মাহমুদ বলেন, "যাঁরা স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে কেউ এমন আন্দোলনে এগিয়ে আসতে উৎসাহিত হবে না। শহীদ রুদ্র সেনের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের কষ্ট ও আক্ষেপের কথা শুনেছি। জুলাই অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাঁর স্মৃতি সংরক্ষণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আমরা দ্রুত শহীদ রুদ্র সেনের নামে স্থায়ী স্মৃতিফলক স্থাপন ও তাঁর প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানাই।"
 

সমাবেশ শেষে শিক্ষার্থীরা রুদ্র সেনের স্মৃতি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে দুই দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, শহীদ রুদ্র সেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ক্যাম্পাসের পাশের খালে পড়ে তাঁর মৃত্যু ঘটে।

 


সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-১৩