সিলেটের জৈন্তাপুরে চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নয়ামাটি গ্রামে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
 

বুধবার (৪ আগস্ট) গভীর রাতে বাড়ির বেলকুনির গ্রিল কেটে মরহুম আমিনুল হক ও ব্যাংক কর্মকর্তা এমদাদুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।


জানা যায়, এ সময় পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে বাড়িতে ফিরে এসে ঘরের তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তারা নিশ্চিত হন যে, চোরেরা লক্ষাধিক টাকার নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাপড়-চোপড় এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
 

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা এমদাদুল হক জানান, ‘ঘটনার বিষয়টি জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।’

স্থানীয়রা জানান, গত দেড় মাসে একই এলাকায় এটি তৃতীয় চুরির ঘটনা। এর আগে আরও দুটি চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনাগুলোর একটিতে স্থানীয় জনতা এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও এলাকায় চুরির ঘটনা বন্ধ হয়নি। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 

এলাকাবাসীর দাবি, বারবার চুরির ঘটনায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই রাতের টহল জোরদার, চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই রফিক আহমেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


 


সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-২২