চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ ও সুষ্ঠু চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে জুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগানে এ মানববন্ধন অনুষ্টিত হয়।


রাজকী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পবন চাষার সভাপতিত্বে ও গোপাল বোনার্জীর সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, ইউপি সদস্য অর্জুন গোয়ালা, ইউপি সদস্য মুরশিদ আলী, পঞ্চায়েত সম্পাদক রতন গোয়ালা।
 

জুড়ী ভ্যালির বিভিন্ন চা বাগানের শ্রমিকরা মানববন্ধনে অংশনেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।
 

বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরিতে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
 

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে। সবধরণের হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন নির্বাচন আয়োজন দ্রুত সময়ে করতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১০