রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
 

ঘোষিত তফফিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।



তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার, অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিসকক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৬ আগস্ট রবিবার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
 

রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন
সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে—

বাংলাদেশের নাগরিক হতে হবে;
বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে;
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে।

একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন।
 

মনোনয়নের নিয়ম
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, একজন প্রার্থীর মনোনয়নপত্রে জাতীয় সংসদের একজন সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সদস্যকে সমর্থক হতে হবে।
কোনো সংসদ সদস্য একাধিক প্রার্থীর প্রস্তাবক বা সমর্থক হতে পারবেন না।
 

যাদের ভোটে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটারদের অংশগ্রহণের সুযোগ নেই। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এই নির্বাচনের ভোটার। অর্থাৎ সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
 

কিভাবে হবে ভোট?
যদি একাধিক বৈধ প্রার্থী থাকেন, তাহলে জাতীয় সংসদ ভবনে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপস্থিত সংসদ সদস্যদের প্রদত্ত বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
তবে যাচাই-বাছাই শেষে যদি মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণ ছাড়াই রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫