দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া জাতীয় দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ এইচপি দল। যে কারণে মালয়েশিয়া থেমেছে ১০৫ রানেই। সেই রান এক তুড়ি মেরেই পার করে ফেলেছে এইচপি। ৭ উইকেট এবং ৭৪ বল হাতে রেখে জয়ের বন্দরে চলে যায় এইচপি দল, সিরিজ জিতে নিল ২-০ ব্যবধানে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মালয়েশিয়া। দলের ১৪ রানের মাথাতেই ভেঙেছে তাদের ওপেনিং জুটিতে। মালয়েশিয়াকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন মোহাম্মদ রুবেল। ফিরিয়েছেন ওপেনার সাইফ উল্লাহ মালিককে। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাইফ।
টিকে থাকা ওপেনার আসলাম খান বিন মালিকের সাথে যোগ দেন অধিনায়ক সৈয়দ আজিজ। আসলামকে ফিরিয়েছেন রাকিবুল হাসান। ২০ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার।
আজিজ এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। যদিও বেশ ধীর ব্যাটিংয়ে এগিয়েছে মালয়েশিয়ার ইনিংস। চারে নামা আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা লড়াই করার চেষ্টা চালিয়েছেন। যদিও ইনিংস অত লম্বা হয়নি। ৩৩ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের ৭৭ রানের মাথাতে বিদায় নেন আকীল। তাকে ফিরিয়েছেন আবু হায়দার রনি।
শেষ দিকে টিকে ছিলেন আজিজ। যদিও এগিয়েছেন শম্বুকগতির ব্যাটিংয়ে। এইচপির বোলারদের আঁটসাঁট বোলিংয়ে সেভাবে রানও উঠছিল না মালয়েশিয়ার বোর্ডে। পাঁচে নেমে আজিজের সাথে যোগ দেন শারভিন মুনিয়ান্ডি। আজিজ ৫২ বলে ৪০ রান করে থেমেছেন শেষের আগের ওভারে।
নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রানের সংগ্রহ দাঁড় করায় মালয়েশিয়া। ৭ বলে ১১ রান করে টিকে ছিলেন শারভিন। ২ বলে ২ রান করে টিকে ছিলেন বিজয় উনি। বাংলাদেশ এইচপির হয়ে হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। ১টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান।
জবাব দিতে নেমে জাওয়াদ আবরারের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ এইচপি দল। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের ইনিংসকে টেনেছেন জাওয়াদ। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। ৮ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলা জাওয়াদ থেমেছেন দলের ২৬ রানের মাথাতে। জাওয়াদ সাজঘরে ফেরার পর দলের হাল ধরেছেন আরেক ওপেনার জিসান আলম। এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব চালিয়েছেন জিসান।
তিনে নামা আরিফুল ইসলাম ৩ বলে ৪ রান করেছেন। চারে নেমে সুবিধা করতে পারেননি সাব্বির রহমানও। ৮ বলে করেছেন ১২ রান। তবে জিসানের উইলোবাজি চলেছেই। তাতে এইচপিও যেতে থাকে জয়ের খুব কাছে। মাত্র ১৯ বলে ফিফটি ছুঁয়েছেন জিসান, দৃষ্টিনন্দন এক ছক্কাতে। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী ৬ বলে ৮ রান করে টিকে ছিলেন। জিসান অপরাজিত ছিলেন ২১ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। ৭৪ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি দল। মালয়েশিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন আরিফ উল্লাহ। ১ উইকেট নেন প্রশান্ত মাধুকার।
দারুণ এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে মালয়েশিয়াকে ধবলধোলাই করলো বাংলাদেশ এইচপি দল। এর আগে প্রথম ম্যাচে এইচপি জিতেছিল ৮৯ রানে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০




