হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরপরই ফলাফল ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
এর জেরে বৃহস্পতিবার দুপুরে নিয়োগবঞ্চিত একদল যুবক উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় তারা দ্রুত নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবী জানান এবং ইউএনওর বিরুদ্ধে নানা ধরণের শ্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। তারা চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পুরো বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই-বাছাইয়ের দাবি জানান। অনিয়মের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
বানিয়াচং থানার ওসি নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-১৩




