ছবি: সিলেট ভিউ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের ৫টি নির্বাচন সম্পন্ন হবে। তারমধ্যে রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর জন্য প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।’
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন ও বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কমিশনও সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের প্রসারে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এই সফর বলে জানান প্রতিমন্ত্রী।
মন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের জন্য হাতে নেওয়া প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। এই অর্থ দিয়ে শ্রীমঙ্গলের রাস্তাঘাট প্রশস্তকরণ এবং পর্যটন এলাকার অবকাঠামো উন্নত করে মানুষের চলাচল উপযোগী করা হবে। এছাড়া শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের একপাশে প্রবীণ নাগরিকদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টি এবং সংলগ্ন শিশু উদ্যানে ওয়াকওয়ে ও শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া মাঠ পরিদর্শনের পর প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, বিসিবি পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক তাকের খন্দকার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন প্রমুখ।
হরিজন আবাসন ও নবায়নযোগ্য বিদ্যুৎ মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের লোকজনের জন্য নির্মাণাধীন ৭ তলা বিশিষ্ট আবাসন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তিনি জানান, বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সমস্ত সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুতের আওতায় আনা হবে। ছোট অফিসগুলো এটি বাস্তবায়ন করছে কি না, তা প্রতি ছয় মাস পর পর বিল যাচাই করে নিশ্চিত করা হবে।
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন সফরের শেষ পর্যায়ে শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জনবসতিপূর্ণ এলাকায় ময়লার ভাগাড় থাকায় স্থানীয়দের আপত্তির মুখে শহর থেকে দূরে পরিবেশসম্মত নিরাপদ স্থানে এটি স্থানান্তরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো ভাগাড়ের ময়লা সরিয়ে সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট (Waste Management Plant) স্থাপন করা হবে, যার মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ সাইফুল/ এহিয়া-০৬




