চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার (১৪ আগস্ট) রাতে কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার ওসি সুকমল চন্দ্র দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কসবা ইউনিয়নের বাইলকাপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল আয়োজনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৩ নভেম্বর একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেছিলেন আব্দুল কাদের। সেদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন। আব্দুল কাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




