যুক্তরাষ্ট্রে সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিউইয়র্ক বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনার পর সেখানকার বাংলাদেশি কমিউনিটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
সংশ্লিষ্টরা জানান, ১৫ আগস্ট শোকদিবস উপলক্ষে নিউইয়র্কের ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় আলোচনা সভার আয়োজন করেছিল স্থানীয় আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি ছিলেন শামীম ওসমান। বিষয়টি জানার পরপরই যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন। তারা আওয়ামী লীগ সরকারের সাবেক এই প্রভাবশালী এমপির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি বেগতিক দেখে শামীম ওসমান দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বাদল মির্জা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান। শুধু শামীম ওসমান না, যদি স্বয়ং শেখ হাসিনাও আসে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে আমরা আপসহীন এবং ঐক্যবদ্ধ।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সরকার পতনের পরপরই আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশত্যাগ করেন এবং আত্নগোপনে চলে যান। শামীম ওসমানও সেসময় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথমদিকে তিনি দিল্লিতে ছিলেন বলে জানা যায়।
শামীম ওসমান নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের একজন প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা-হামলা এবং নারায়ণগঞ্জজুড়ে একক আধিপত্য বিস্তারের বহু অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেওয়া সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসে থাকা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্য বিরোধী দলগুলোর নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থিতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে শামীম ওসমানের উপস্থিতির সংবাদ ছড়িয়ে পড়লে বাদল মির্জার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের অনুসারীরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ মিছিল বের করেন, যার ফলে শামীম ওসমানকে স্থান ত্যাগ করতে হয়।
বিক্ষোভ মিছিলে বাদল মির্জাসহ যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫




