ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে উসমান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।

 


নিহত উসমান মিয়া শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার একটি কলোনিতে থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সংগ্রহ করতেন।

 

পুলিশ জানায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সবুজবাগ এলাকার একটি নির্মাণাধীন দুতলা ভবনের নিচে প্লাস্টিক সামগ্রী কুড়াচ্ছিলেন উসমান মিয়া। এ সময় ভবনের ওপর থেকে একটি ইট তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজনকে আটক করে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাতজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে নিহত ব্যক্তির পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭