ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সবুজবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে উসমান মিয়ার মৃত্যুর ঘটনায় বেরিয়ে এসেছে নতুন তথ্য। আটককৃত ৭জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ।
তিনি জানান, ‘সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সবুজবাগ এলাকার একটি নির্মাণাধীন দুতলা ভবনের নিচে প্লাস্টিক সামগ্রী কুড়াচ্ছিলেন উসমান মিয়া। এ সময় ভবনের ওপর থেকে একটি ইট তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পরে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজন নির্মাণ শ্রমিককে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’
শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, ‘সাতজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে নিহত ব্যক্তির পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
প্রসঙ্গত, নিহত উসমান মিয়া (৬৫) শাহপরাণ থানাধীন সৈদানীবাগ এলাকার একটি কলোনিতে থাকতেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সংগ্রহ করতেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২




