ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।
সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবার গুণগত মান নিশ্চিত করতে সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলো নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য চারজন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। একই আদেশে সিলেটবিভাগসহ দেশের বিভিন্ন বিভাগে ৬৯ কর্মকর্তাকে পরিদর্শনকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সিলেটের সরকারি হাসপাতালগুলোর দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিলেট বিভাগের সকল হাসপাতালের দায়িত্বে রয়েছেন যুগ্মসচিব (ক্রয় ও সংগ্রহ অধিশাখা) মো. হেলাল উদ্দিন। সুনামগঞ্জ জেলার সকল হাসপাতালের দায়িত্ব পালন করবেন উপসচিব (প্রশাসন-৪ শাখা) স্বপন কুমার মন্ডল। সিলেট জেলার সকল হাসপাতালের দায়িত্বে নিযুক্ত হয়েছেন সিনিয়র সহকারী সচিব (বিশ্বস্বাস্থ্য-২ শাখা) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সকল হাসপাতালের দায়িত্বে রয়েছেন সিনিয়র সহকারী সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা) মিজ তামান্না তাসনীম।
স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার অফিস আদেশ সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজ শুধু হাসপাতাল পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হাসপাতালের জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলোও তাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা, টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতামূলক কার্যক্রম, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে নেওয়া উদ্যোগ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমের বিষয়েও তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় করবেন তারা।
পরিদর্শনকালে পাওয়া বিভিন্ন অনিয়ম, সীমাবদ্ধতা, পর্যবেক্ষণ ও সুপারিশ নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। অফিস আদেশ অনুযায়ী, পরিদর্শন-পরবর্তী প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে জমা দিতে হবে।
এ ছাড়া প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি করে হাসপাতাল পরিদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে সরকারি হাসপাতালের সেবার মান, প্রশাসনিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি জনগণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০




