ছবি: সিলেট ভিউ।

সিলেটসহ সারা দেশে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সিলেট মহানগরীর কোর্টপয়েন্টে এক সভা আহ্বান করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। ‎শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি।

 


জানা গেছে, সিলেটসহ সারা দেশে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ এবং সিলেটের দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত অধিকারসমূহ আদায়ের লক্ষ্যে সিলেট মহানগরীর কোর্টপয়েন্টে আগামী সোমবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগ গণদাবি পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

 

​সভায় সিলেটের আপামর জনসাধারণকে দলমত নির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় যে, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের উন্নয়নে নানামুখী বৈষম্য ও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের ন্যায্য ও জ্যান্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

 

‎​প্রতিবাদ সভায় উত্থাপিত ও বাস্তবায়নের দাবি জানানো প্রধান দাবিগুলো হলো-

‎১. বিদ্যুৎ সেক্টর: সিলেটে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং অবিলম্বে বন্ধ করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
‎২. বিমানবন্দর উন্নয়ন ও ফ্লাইট পরিচালনা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার, সৌদি আরবসহ বিশ্বের খ্যাতনামা ও সেরা এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ ও অনুমতি প্রদান করা।


‎৩. টার্মিনাল নির্মাণ কাজ: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ দিবারাত্রি (২৪ ঘণ্টা) চালিয়ে নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২০২৭ সালের মধ্যে শতভাগ সম্পন্ন করা।


‎৪. রেলপথ উন্নয়ন: সিলেট-আখাউড়া রেলপথ দ্রুত ডাবল লাইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করা।


‎৫. মহাসড়ক উন্নয়ন: সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা।


‎​উক্ত প্রতিবাদ সভায় সিলেটের সকল পেশাজীবী, ছাত্র-জনতা, শ্রমিক, ব্যবসায়ী এবং সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের নেতৃবৃন্দ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪