উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ও রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তিন কেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ে সকাল ৯টায় ভোট দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন।
ভোটগ্রহণ চলাকালে ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সাধারণ সম্পাদক উসমান আলী এবং নেতৃবৃন্দ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় আনসার সদস্যদের পাশাপাশি গ্যাস ফিল্ড প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সকাল থেকেই তিনটি কেন্দ্রেই প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ব্যবস্থাপক (সার্ভিসেস) ও প্রধান নির্বাচন কমিশনার প্রকৌ. প্রদীপ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এসওডব্লিউএ নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে তিনটি কেন্দ্রের ব্যালট ও ভোটের হিসাব নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। পরে রাত ৯টার দিকে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন। কেন্দ্রভিত্তিক ফলাফল সমন্বয়ের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসওডব্লিউএ নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশনের প্রকাশিত ‘এসওডব্লিউএ নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ চূড়ান্ত কেন্দ্রভিত্তিক ফলাফল (অফিশিয়াল)’ অনুযায়ী সভাপতি পদে ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান চৌধুরী, উপমহাব্যবস্থাপক (ডিএলও)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাব্যবস্থাপক (আরএন্ডডি) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী পেয়েছেন ১৫৪ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে জয় পান মতিউর রহমান চৌধুরী। এ পদে অপর প্রার্থী ব্যবস্থাপক (কারিগরি) মোঃ জমির হোসেন পেয়েছেন ১৬ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান, উপমহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়ক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপক (ওয়েলফেয়ার অ্যান্ড এমপ্লয়িজ রিলেশন) মুহাম্মদ শাহ আলম পেয়েছেন ১৫১ ভোট। এতে ২০ ভোটের ব্যবধানে জয় পান মোঃ আব্দুর রহমান।
সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল, ব্যবস্থাপক (হিসাব)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মেহেদী হাসান পেয়েছেন ১৩৪ ভোট। ফলে ৫৬ ভোটের ব্যবধানে জয়ী হন আব্দুল জলিল।
যুগ্ম সম্পাদক পদে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কে এম এনায়েত উল্লাহ, ব্যবস্থাপক (এস্টেট অ্যান্ড ল্যান্ড অ্যাকুইজিশন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী ব্যবস্থাপক (এস্টেট অ্যান্ড ল্যান্ড অ্যাকুইজিশন) মোঃ আবু সাজ্জাদ পেয়েছেন ১৫৯ ভোট। এ পদে ভোটের ব্যবধান ৪৫। অপর দুই প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল করিম পেয়েছেন ১৪৭ ভোট এবং মোঃ আব্দুল ওয়াছেহ পেয়েছেন ৯৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রশিদ, উপব্যবস্থাপক (কমন সার্ভিসেস)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী ব্যবস্থাপক (সিএন্ডএফ) নাজমুল হাসান পেয়েছেন ১০৩ ভোট। অপর প্রার্থী সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোঃ বেলায়েত হোসেন পেয়েছেন ৭৬ ভোট।
দপ্তর সম্পাদক পদে ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলে রাব্বী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সহকারী ব্যবস্থাপক (সমন্বয়) মোঃ মোস্তফা মিয়া পেয়েছেন ১২৪ ভোট। এ পদে ভোটের ব্যবধান ৭২।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপক (সিভিল ইঞ্জিনিয়ারিং) সিদ্দিক আহমদ পেয়েছেন ১৫৮ ভোট। মাত্র ৬ ভোটের ব্যবধানে জয় পান সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশনের ফলাফলপত্রে কয়েকটি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার তথ্যও রয়েছে। এর মধ্যে সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম, উপমহাব্যবস্থাপক (মেইন্টেন্যান্স); অর্থ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম লিখন, ব্যবস্থাপক (কারিগরি); তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোঃ রিয়াজুল হক, উপব্যবস্থাপক (অপারেশন); কল্যাণ সম্পাদক পদে মোঃ ফয়সাল হোসেন, সহকারী ব্যবস্থাপক (কারিগরি); মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে হালিমা, ব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিভিন্ন ফিল্ড ও প্ল্যান্টের জন্য সহকারী সাধারণ সম্পাদক ও সদস্য পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক (আরজিএফ, আরসিএফপি, ৪০০০ বিপিডি সিএফপি ও ৩০০০ বিপিডি সিআরইউ) পদে মোঃ শহিদুল্লাহ কায়সার, উপব্যবস্থাপক (কারিগরি); সহকারী সাধারণ সম্পাদক (কেজিএফ, এমএসটিই প্লান্ট ও এলপিজি প্লান্ট) পদে মোঃ আশরাফুল হুদা, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) এবং সহকারী সাধারণ সম্পাদক (বিজিএফ) পদে মোঃ মশিউর রহমান, ব্যবস্থাপক (জেনারেল মেইন্টেন্যান্স) নির্বাচিত হয়েছেন।
সদস্য (আরজিএফ, আরসিএফপি, ৪০০০ বিপিডি সিএফপি ও ৩০০০ বিপিডি সিআরইউ) পদে মোঃ মাসুক চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (হিসাব); সদস্য (কেজিএফ, এমএসটিই প্লান্ট ও এলপিজি প্লান্ট) পদে শাহরিয়ার সুমন রেজা, সহকারী ব্যবস্থাপক (ভান্ডার) এবং সদস্য (বিজিএফ) পদে বিপুল আহমেদ, সহকারী ব্যবস্থাপক (হিসাব) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি কেন্দ্রে মোট নয়জন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান কার্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌ. মোঃ মহসিন কবির, ব্যবস্থাপক (সাধারণ রক্ষণাবেক্ষণ)। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রকৌ. মোঃ নবিউল ইসলাম, উপব্যবস্থাপক (সিভিল) এবং পোলিং অফিসার ছিলেন শিকদার হাসান মাহমুদ, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা)।
রশিদপুর গ্যাস ফিল্ড কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ মিরান হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন)। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রকৌ. ফরহাদ রিদুয়ান, উপব্যবস্থাপক (অপারেশন) এবং পোলিং অফিসার ছিলেন অলক কুমার দত্ত, সহকারী ব্যবস্থাপক (ক্রয়)।
কৈলাশটিলা গ্যাস ফিল্ড কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছিলেন ড. প্রকৌ. আবুল হোসেন, পিইঞ্জ, উপমহাব্যবস্থাপক (সিএমএন্ডসিপি)। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোহাম্মদ ফয়সল আহমদ, ব্যবস্থাপক (পে) এবং পোলিং অফিসার ছিলেন মোঃ তরিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (এইচআরএম-১)।
রাত ৯টায় কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সভাপতি পদে মাত্র ৩ ভোটের ব্যবধান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৫৬ ভোটের ব্যবধানসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হওয়ায় নির্বাচনটি ছিল বেশ জমজমাট।
নির্বাচন শেষে মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত স্বার্থ ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদুল/আশিক/০৫




