ছবি: ফাইল ছবি।
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে আটক, নাকি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে ঘিরে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) আটকের গুঞ্জনের বিষয়ে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘আমি তো সিলেটে নেই। আমি বর্তমানে লন্ডনে অবস্থান করছি। আমি দীর্ঘদিন থেকে লন্ডনে অবস্থান করতেছি।’
মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে খোঁজখবর নেওয়া হলে তাঁর আটকের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবি তাকে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সিলেটভিউকে বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবর পেয়ে বিজিবির সঙ্গে আলাপ করেছি। এইরকম ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব মনে হচ্ছে। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।’
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নগরের সাগরদিঘির পাড় এলাকায় হামলার শিকার হয়েছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১




