সিলেটে হামের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

 


সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৮ আগস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

 

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন ভর্তি হয়েছেন।

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৩৫৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে চারজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেটের দুজন এবং সুনামগঞ্জের একজন। সিলেটের মৃতদের একজনের নাম উদ্ভব, বয়স পাঁচ মাস। সে ফেঞ্চুগঞ্জের বাসিন্দা এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশুটির বয়স নয় মাস ১১ দিন; সে সিলেটের টুকেরবাজার এলাকার বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সুনামগঞ্জের মৃত শিশু হুমায়রা, বয়স ১১ মাস। সে ছাতক উপজেলার ফয়জারাবাজার এলাকার বাসিন্দা এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

 

জেলাভিত্তিক হিসাবেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত সিলেটে সন্দেহজনক হাম রোগে ৫৫ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ১৬ ও চারজন, মৌলভীবাজারে ১২ ও একজন এবং সুনামগঞ্জে ৫৮ ও একজন। সব মিলিয়ে সন্দেহজনক হাম রোগে ১৪১ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বিভাগে মোট মৃত্যু ১৫১ জনে দাঁড়িয়েছে।

 

একদিকে প্রতিদিন নতুন করে রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে একদিনে তিন শিশুর মৃত্যুর ঘটনা সিলেটের হাম পরিস্থিতির আরও অবনতিরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার হার ও মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।


সিলেটভিউ২৪ডটকম/ শাদি-আচৌ