নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং স্নেহময় অধ্যায় হচ্ছে ‘মাতৃত্ব’। কেবল শারীরিক প্রক্রিয়া নয়, মাতৃত্বের সঙ্গে জড়িয়ে থাকে মানসিক, সামাজিক এবং পারিবারিক দায়িত্ব।

কাঙ্ক্ষিত সেই সময়ের অপেক্ষায় দিন কাটছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। এবার জানিয়েছেন, গর্ভাবস্থার এই সময়টি তিনি হৃদয় দিয়ে উপভোগ করছেন।


শুক্রবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) পর্বে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সামান্থা। এ সময় নিজের শারীরিক পরিবর্তনের কথা অকপটে স্বীকার করেন এই তারকা। এক ভক্ত তার ওজন বেড়ে যাওয়ার কথা জানালে সহমর্মিতা প্রকাশ করে সামান্থা বলেন, ‘আমি বুঝতে পারছি। ইতোমধ্যে আমার নিজেরও ১১ কেজি ওজন বেড়েছে।’

একই পর্বে মাতৃত্বকালীন স্মৃতিভ্রমের অভিজ্ঞতা প্রকাশ করেন আরেক ভক্ত। তিনি জানান, কখনো কখনো একটি বাক্য শুরু করার পর কীভাবে শেষ করবেন, তা ভুলে যান। ভক্তের এমন মন্তব্যের জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, ‘অপেক্ষা করতে পারছি না।’

মাতৃত্ব তাকে কীভাবে অনুপ্রাণিত করছে, এমন প্রশ্নের জবাবে সামান্থা বলেন, ‘পুরো বিষয়টি আমাকে এতটা আত্মবিশ্বাসী করে তুলবে, তা ভাবিনি। আমি ভেবেছিলাম, বেশির ভাগ সময় হয়তো আমি বিষণ্ন বা অভিভূত হয়ে থাকব।’ ভক্তদের সঙ্গে সামান্থার এমন খোলামেলা ও আন্তরিক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

উল্লেখ্য, গত জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন সামান্তা। তার স্বামী চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। মাতৃত্বের প্রস্তুতিতে সম্প্রতি কাজ থেকেও বিরতি নিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭